দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তরুণ উদ্যোক্তা তৈরি ও নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় দেশের অবশিষ্ট ৫৬ জেলার আবেদন নেওয়া শুরু হয়েছে। এ কর্মসূচিতে একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পাবেন, যার মধ্যে ১০ লাখ টাকা ঋণ এবং ১০ লাখ টাকা অনুদান।
রোববার (১ নভেম্বর) শুরু হওয়া আবেদন গ্রহণ চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
ঋণ ও অনুদানের অর্থ একসঙ্গে এককালীন বিতরণ করা হবে। অনুদানের অর্থের সংস্থান করা হবে বাণিজ্যিক ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে।
আবেদন করতে আগ্রহী তরুণদের নির্ধারিত ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইটে।
এর আগে, কর্মসূচির পরীক্ষামূলক পর্যায়ে দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে আবেদন নেয়া হয়েছিল। গত ১৬ সেপ্টেম্বর শুরু হয়ে ১৫ অক্টোবর শেষ হওয়া ওই পর্বে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়ে।
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের আনুষ্ঠানিক নাম ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’। এর মাধ্যমে উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণদের উদ্যোক্তা হিসেবে চিহ্নিত করা, যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্যদের নির্বাচন এবং প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে নতুন উদ্যোগ গড়ে তোলার পাশাপাশি কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্য রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এর আগে জানিয়েছিলেন, আগ্রহীরা যেকোনো বাণিজ্যিক ব্যাংকে আবেদন করতে পারবেন। আবেদন পর্যালোচনায় ব্যাংকারদের পাশাপাশি বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। ওই কমিটির সুপারিশের ভিত্তিতেই যোগ্য উদ্যোক্তা নির্বাচন করে অর্থায়ন দেওয়া হবে।
এ কর্মসূচির নীতিমালা গত ১৩ সেপ্টেম্বর এসএমইএসপিডি সার্কুলার নম্বর-০৫-এর মাধ্যমে প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য ও নীতিমালা কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট www.bb.org.bd এবং এসএমই পোর্টাল www.bb.org.bd/smespd_portal-এ পাওয়া যাবে।
/অ